‘যদি মারা যাই, গার্মেন্ট মালিকদের লোভের কথা সৃষ্টিকর্তাকে বলে দেবো
যদি
মারা যাই – করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশ কার্যত লকডাউন থাকলেও পোশাক
কারখানা খোলার সিদ্ধান্তে ঢাকামুখী হন শ্রমিকরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ
মাধ্যমগুলোতে বইছে তীব্র নিন্দার ঝড়। এবার এ বিষয়ে মুখ খুলেছেন জনপ্রিয়
চিত্রনায়ক ওমর সানীও। এতে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
সোমবার ফেসবুকে (৬ এপ্রিল) ওমর সানী
লিখেছেন, ‘আমি যদি মরে যাই, গার্মেন্ট মালিকদের লোভের কথা সৃষ্টিকর্তাকে
বলে দেব। আরও অনেক বাজেভাবে বলতে পারতাম, বললাম না। দেখুন টাকা আছে,
সোনাদানা আছে, বিশাল অট্টালিকা আছে, অস্ত্র-ভাণ্ডার আছে, ক্ষমতাও আছে,
কিন্তু কিছু অদৃশ্য শক্তির সঙ্গে পারা যায় না। ভুলের খেসারত কীভাবে দেব
আমরা ঠিক জানি না।’
তিনি আরও লিখেছেন,
‘আমেরিকা, ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ওদের সামনে আমরা
কিছুই না। ওরাই সামাল দিতে পারছে না। সেখানে আমাদের অবস্থান হাস্যকর।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি আরও অনেক কঠোর হন। যদি দেশের খ্যাতনামা
হাসপাতালগুলো করোনাভাইরাসের চিকিৎসা না করে, তাদের লাইসেন্স বাতিল করে দেন।
মৃত্যু একদিন হবেই, চিকিৎসা পেয়ে যেন মরতে পারি। আবারও বলছি, আমরা সবাই
বাসায় থাকি, নিরাপদ দূরত্ব বজায় রাখি। একজন আরেকজনকে সহযোগিতা করি।’
সম্প্রতি সরকারি ছুটি ঘোষণার পর দেশের
বেশিরভাগ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। তবে ৫ এপ্রিল থেকে গার্মেন্টস
খোলার বিজিএমইএ’র সিদ্ধান্তে ঢাকামুখী হন গার্মেন্ট কর্মীরা। দেশের এমন
পরিস্থিতিতে গার্মেন্টস খোলার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে
শুরু হয় তীব্র নিন্দার ঝড়। পরে নিজেদের ঘোষণা থেকে সরে এসে ১৪ এপ্রিল
পর্যন্ত গার্মেন্টস বন্ধ বলা হয়। ফলে নতুন করে বিপাকে পড়েন ঢাকায় হেঁটে আসা
শ্রমিক পরিবাররা।


একটি মন্তব্য করুন:
0 মন্তব্য: